অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনুমোদন ছাড়া পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় অনুমোদনের জন্য আবেদন করতে বলা হয়েছে। সোমবার (৩০ মার্চ) ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছা. জেসমিন পারভীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সরকার ও ইউজিসির অনুমোদন ছাড়া বেশ কিছু দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টার বা টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদন ছাড়া স্থাপিত এবং পরিচালিত এসব প্রতিষ্ঠানের একটি তালিকা এরইমধ্যে কমিশনের হাতে এসেছে। ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার স্থাপন ও পরিচালনার বিধান রয়েছে।
এতে আরও বলা হয়, অননুমোদিতভাবে পরিচালিত সব প্রতিষ্ঠানকে উল্লিখিত বিধিমালার ধারা ৪ (৩)-এর দফা (ঝ) অনুযায়ী অনুমোদন পাওয়ার লক্ষ্যে আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনে আবেদন দাখিল করতে হবে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের শিক্ষাসহ সব কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

