বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

ইরানে এখনও ‘নিরাপদে আছে’ বাংলাদেশিরা: শামা ওবায়েদ

গেজেট প্রতিবেদন

মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার মধ্যেও ইরানে বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

নিরাপত্তার কারণে কেউ ফিরতে চাইলে সরকার পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সাথে তিনি বলেন, “ইরানে আমাদের দুই হাজারের মত বাংলাদেশি আছে, তাদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী আছে। এখন পর্যন্ত, তারা নিরাপদে আছেন।

‘আমাদের মিশন আছে তেহরানে। তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগে আছে। তো, এখন যদি এমন একটা অবস্থা হয় যে, তাদের একটা লাইফ রিস্ক হচ্ছে বা তাদের নিরাপত্তার কোনো সমস্যা, সেই জায়গায় অবশ্যই, আমাদের মিশন ওখানে কাজ করছে, আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসব। এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে, তারা নিরাপদে আছে।”

তিনি মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বলেন, “সেই লক্ষ্যে আমাদের মিশনগুলো কিন্তু সপ্তাহে ২৪ ঘণ্টাই কাজ করে যাচ্ছে। আমাদের নাগরিকদের সাথে যোগাযোগ রাখা, তাদের অবস্থা ও নিরাপত্তার বিষয়ে যোগাযোগ আছে। তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেন তাৎক্ষণিকভাবে তাদেরকে নিরাপদ জায়গায় নিতে পারি, সেই কাজটাও কিন্তু আমরা করে যাচ্ছি।”

যারা ফিরতে চাইছেন, তাদেরকে ফেরানার উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। রোজার ঈদের আগের রাতেই আইওএমের সহযোগিতায় আমাদের ১৮৬ জনকে তেহরান থেকে ফেরত আনতে পেরেছি।

তিনি বলেন, যারা মধ্যপ্রাচ্যের আছেন, তাদের সবার পক্ষে আসা সম্ভব না। যারা আসতে চাচ্ছে, তারা যাতে ঠিকমত আসতে পারে সে লক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সব কাজ করছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন