শনিবার । ২১শে মার্চ, ২০২৬ । ৭ই চৈত্র, ১৪৩২

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মাসহ আরব বিশ্বের জনগনের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবার কথা থাকলেও বৃষ্টির কারণে গোপালগঞ্জ জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতি অলিউল্লাহ।

এ ঈদের জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর, জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সাধারন মুসল্লীরা অংশ নেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মাসহ আরব বিশ্বের জনগণের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ।

একই সাথে জেলা কোর্ট মসজিদে, ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টা ২০ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হয়। এছাড়া আধা ঘন্টা পরপর সুবিধামত সময়ে জেলার বিভিন্ন মসজিদ ও উপজেলা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, মুকসুদপুরে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা ও টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী সাধারন মানুষের সাথে ঈদের নামজ আদায় করেন।

ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান বলেন, সকলকে সাথে নিয়ে আনন্দ উদযাপন করাই হলো ঈদ। সবার সাখে ঈদের নামাজ আদায় করলাম। সকলকে সাথে নিয়ে একটি সুন্দর গোপালগঞ্জ গড়ে তোলা হবে। সেই সাথে আমরা মুসলিম বিশ্বের জন্য দোয়া করেছি।

গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর বলেন, সকলের সাথে জেলা মডেল মসজিদে নামাজ পড়লাম। ঈদগাহে জামাত হবার কথা থাকলে বৈরী আবহাওয়ার কারনে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আগামী দিনে আমরা গোপালগঞ্জকে একটি সমৃদ্ধ জেলা হিসাবে গড়তে চাই। যেখানে কোন হানাহানি, সন্ত্রাসী, চাঁদাবাজী থাকবে না। গোপালগঞ্জবাসীসহ দেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানাই।

জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, কেন্দ্রীয় ঈদগাহে ঈদ-উল-ফিতরের প্রধান জামান অনুষ্ঠিত হবার কথা থাকলেও বৃষ্টির কারনে জেলা মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হয়েছে। আমরা মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করেছি যে, এই দেশকে যেন উন্নতি করে, সমৃদ্ধ করে এবং আমরা সকলে যে দেশ প্রেমে উজ্জ্বীবীত হয়ে এই দেশের উন্নতি করতে পারি। সকলের প্রতি ঈদের শুভেচ্ছা রইল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন