দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (২০ মার্চ) দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (২১ মার্চ) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে দেশজুড়ে উদ্যাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের কোথাও হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার দেশে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয়।
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় শনিবার জাতীয় ঈদগাহ ময়দানে সাড়ে ৩ হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এ ক্ষেত্রে নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা থাকছে। এছাড়াও পর্যাপ্ত ওজুখানাসহ মুসল্লিদের জন্য থাকছে মেডিকেল টিমের সুবিধা।
এদিকে জাতীয় ঈদগাহে এ বছর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে যদি জাতীয় ঈদগাহে নামাজ আদায় সম্ভব না হয়, তাহলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। পাশাপাশি বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতিগণ এবং মন্ত্রিপরিষদের সদস্যবর্গসহ কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।
প্রতিবারের মতো তাই এবারও ঈদ জামায়াতকে ঘিরে জাতীয় ঈদগাহ ময়দান এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদের দিনে পুরো জাতীয় ঈদগাহ ময়দানসহ আশপাশের এলাকা সিসি ক্যামেরার মনিটরিং করা হবে। সেই সঙ্গে ঈদ জামাতের চারদিকে পুলিশের পেট্রোলিং ব্যবস্থার পাশাপাশি ঈদগাহ ময়দান এবং আশপাশের এলাকায় সিটিটিসির ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম মোতায়েন থাকবে।
অন্যদিকে প্রতিবারের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও বেলা পৌনে ১১টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এএজে

