ঈদ মানেই চারিদিকে মাংসের ছড়াছড়ি। ঈদে আমরা মাংসের বিভিন্ন পদ রান্না করে থাকি। সব সময় গতানুগতিক পদ রান্না না করে কখনো কখনো খাবারে ভিন্নতা আনা প্রয়োজন। বিশেষ করে এমন কিছু স্পেশাল রান্না, যা ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে বহুগুণে। যা খেয়ে সবাই সন্তুষ্ট হবে। ঈদের রেসিপিতে রাখতে পারেন মেজবানি গরুর মাংস।
যা লাগবে-
উপকরণ : গরুর মাংস ১ কেজি, এলাচি ৬-৮টা, দারুচিনি ৪টা, গোল মরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা-চামচ, লং ১০-১২টা, তেল আধা কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টালা জিরা গুঁড়া আধা চা-চামচ, সাদা সরিষা বাটা আধা কাপ, পোস্তদানা বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বেরেশতা ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, টমেটো কুচি আধা কাপ, আস্ত মরিচ ৬-৮টা, মেজবানির মশলা ১ টেবিল চামচ, চুঁইঝাল ৭/৮ টুকরা, আস্ত রসুন ৫/৬ পিস।
মেজবানির মশলা : মৌরি ১ চা-চামচ, মেথি ১ চা-চামচ, সাদা জিরা ১ চা-চামচ, পোস্তদানা ১ চা-চামচ, রাঁধুনি মশলা ১ চা-চামচ, জয়ফল ১ চা-চামচ, জয়ত্রি ১ চা-চামচ। সব একসঙ্গে টেলে গুঁড়া করে নিতে হবে।
প্রণালি : তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে ভাজুন। পেঁয়াজ লালচে হলে টমেটো কুচি দিন। টমেটো থেকে পানি বের হয়ে সেটা টেনে গেলে, সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে ২ বার কষিয়ে নিন। এরপর মাংস দিয়ে একবার কষিয়ে নিন। পরিমাণমতো পানি সাথে আস্ত রসুন ও চুঁইঝাল দিয়ে সেদ্ধ হতে দিন ৩০ মিনিটের বেশি সময়। সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ, বেরেশতা, টালা জিরা গুঁড়া দিয়ে ৫ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।
খুলনা গেজেট/এএজে

