সোমবার ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, এই যুদ্ধের সমাপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারিত হবে না, বরং যুদ্ধক্ষেত্রেই তার সিদ্ধান্ত হবে। ইরানের অন্যান্য সামরিক কর্মকর্তারাও একই ধরনের বক্তব্য দিয়েছেন।
তাদের মতে, যুদ্ধ কতদিন চলবে এবং কখন শেষ হবে- এ সিদ্ধান্ত নেবে ইরান, যুক্তরাষ্ট্র নয়।
তাদের ভাষায়, ‘তোমরা শুরু করেছ, আমরা শেষ করব।’ এ ধরনের বক্তব্যই ইরানের পক্ষ থেকে বারবার শোনা যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এদিকে ইরানের সামরিক মুখপাত্র নতুন এক বিবৃতিতে মূলত ইরানের আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে কথা বলেছেন। তিনি ইরানের আত্মরক্ষার অধিকার এবং যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, যদি অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে কোনো হামলা চালানো হয়, তবে তারও জবাব দেয়া হবে। এগুলো ইরানের সামরিক বক্তব্যেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধে জড়ায়নি। বরং তারা শুধু সেইসব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে, যেগুলো ব্যবহার করে ইরানের ভূখণ্ডে আঘাত হানা হচ্ছে।
খুলনা গেজেট/এএজে

