রবিবার । ১৫ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বেড়ে ২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ শেখ (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৪ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মজিবর শেখের ছেলে। টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, সাজিদুল মোল্লা দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে তিনি জিকজ্যাকভাবে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হন এবং অপর দুই আরোহী বাঁধন মোল্লা (২০) ও আব্দুল্লাহ শেখ গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে আব্দুল্লাহ শেখের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন