ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করার প্রতি সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি।
বুধবার (১১ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পিয়ংইয়ং বলেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট যে সিদ্ধান্ত নিয়ে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে, সেটিকে তারা সম্মান করে। গত ৮ মার্চ তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তার বাবা এবং দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বক্তব্য উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ইরানের ইসলামি বিপ্লবের নতুন নেতা নির্বাচনের বিষয়ে বিশেষজ্ঞ পরিষদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে আমরা ইরানি জনগণের তাদের সর্বোচ্চ নেতা নির্বাচনের অধিকার ও সিদ্ধান্তকে সম্মান করি।
একই সঙ্গে ওই মুখপাত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি ধ্বংস করছে এবং বিশ্বজুড়ে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। আমরা এ ধরনের আগ্রাসনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তা কঠোরভাবে নিন্দা জানাচ্ছি।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলার প্রেক্ষিতে পাল্টা জবাব হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর লক্ষ্য ছিল ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো।
হামলা-পাল্টা হামলার মতো এই সংঘাতে এখন পর্যন্ত ১২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আট সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলেও বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
খুলনা গেজেট/এমএনএস

