সোমবার । ৯ই মার্চ, ২০২৬ । ২৪শে ফাল্গুন, ১৪৩২

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

গেজেট প্রতিবেদন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থির পরিস্থিতির কারণে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (৯ মার্চ) বিমানের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতময় পরিস্থিতির জেরে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তার মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবের উল্লেখিত চারটি রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

তবে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আপাতত ১০ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট দেশের বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে এই দুটি রুটে পুনরায় বিমান চলাচল শুরু হতে পারে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে বিমান কলসেন্টার : ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলেছে বিমান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন