সোমবার । ৯ই মার্চ, ২০২৬ । ২৪শে ফাল্গুন, ১৪৩২

সৌদিতে নতুন করে আঘাত হানল মিসাইল, বাংলাদেশিসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি এবং একজন ভারতীয়। রবিবার (৮ মার্চ) এই হামলা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটির লাইভ আপডেটে বলা হয়, সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি এক বিবৃতিতে বলেছে, একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। তবে, ইরান এ হামলা চালিয়েছে কিনা সেটি স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে।

গালফ ইন্টারন্যাশনাল ফোরামের নির্বাহী পরিচালক ডানিয়া থাফার মনে করছেন, যুক্তরাষ্ট্রই উপসাগরীয় দেশগুলোর পরিস্থিতি আরও জটিল করছে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের হিসাব-নিকাশের দৃষ্টিভঙ্গি ভিন্ন। পশ্চিমা দেশগুলো মূলত বস্তুগত লাভ এবং জয়ের দিকে বেশি মনোযোগ দেয়, আর এই অঞ্চলে অনেক কিছু দেশগুলোর মর্যাদার ওপরও নির্ভরশীল।’

তিনি আরও বলেন, ‘যখন ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইরান উপসাগরীয় দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে, তখন ইরান তাদের অবস্থান আরও দৃঢ় করে বলেছিল, ‘না, আমরা আত্মসমর্পণ করিনি এবং আমরা অভিযান অব্যাহত রাখব’। এটি অন্যতম প্রধান সমস্যা।’ ডানিয়া থাফার আরও সতর্ক করেছেন, ‘অন্য আরেকটি গভীর উদ্বেগের বিষয় হলো, উপসাগরীয় দেশগুলো ভাবছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের এই যুদ্ধে জড়িয়ে ফেলতে চাইছে।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন