শনিবার । ৭ই মার্চ, ২০২৬ । ২২শে ফাল্গুন, ১৪৩২

পুকুর সংস্কারের সময় কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি জব্দ

গেজেট প্রতিবেদন

পাবনার চাটমোহর উপজেলায় পুকুর সংস্কারের সময় মাটির নিচ থেকে উদ্ধার হওয়া প্রাচীন কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের মঠ পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ গ্রামে নিমগাছি প্রকল্পের আওতায় স্থানীয় সুফলভোগী মৎস্যজীবীরা মঠ পুকুরে মাছ চাষ করে থাকেন। কয়েকদিন ধরে পুকুরটি সংস্কারের কাজ চলছিল।

শনিবার বেলা ১১টার দিকে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কাটার সময় মাটির সঙ্গে দ্বিখণ্ডিত একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উঠে আসে। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি জব্দ করেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন নিশ্চিত করেছেন, এটি বিষ্ণু দেবতার মূর্তি এবং কষ্টিপাথরের তৈরি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, বাঘলবাড়ি কৈ গ্রামের মঠ পুকুরে একটি প্রাচীন বিষ্ণুমূর্তির ভগ্নাংশ পাওয়া গেছে। ঐতিহাসিক এই নিদর্শনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মূর্তিটি সত্যিই কষ্টিপাথরের কিনা বা কত বছরের পুরোনো সেটি প্রত্নতত্ত্ব বিভাগ পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করবে। আপাতত মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের বিষ্ণু দেবতার এবং এটি বেশ প্রাচীন। তাদের মতে, এলাকাটিতে অতীতে কোনো প্রাচীন স্থাপনা বা মন্দির থাকতে পারে, যার অংশ হিসেবে মূর্তিটি দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে ছিল।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন