শুক্রবার । ৬ই মার্চ, ২০২৬ । ২১শে ফাল্গুন, ১৪৩২

অবশেষে খামেনির মৃত্যুতে ভারতের শোকপ্রকাশ, ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জয়শঙ্করের ফোন

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনির মৃত্যু নিয়ে ভারত কোনো বিবৃতি না দেয়ায় দেশের মধ্যে প্রবল সমালোচনার মুখে পড়েছিল মোদি সরকার। মার্কিন-ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথা না-বললেও তবে খামেনির মৃত্যুর ৫ দিনের মাথায় ভারত শোকপ্রকাশ করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে ভারতের পক্ষে শোক জানিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি কথা বলেছেন- ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে।

এদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনির মৃত্যু হয়েছে শনিবার ভোরে। সেই ঘটনার পাঁচ দিনের মাথায় তেহরানের সঙ্গে সরাসরি কথা হয়েছে ভারতের। এতদিন পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেও ভারত সরকারের তরফে ইরানের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। খামেনির মৃত্যুতে শোকপ্রকাশও হলো এই প্রথম।

বৃহস্পতিবার বিকেলে জয়শঙ্কর ফোনে আরাঘচির সঙ্গে কথা বলেছেন বলে সমাজমাধ্যমেও জানিয়েছেন। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও জয়শঙ্কর কথা বলেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন