ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের দুই কর্মকর্তাকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক আদেশে বৃহস্পতিবার (৫ মার্চ) এ নির্দেশ দেয়া হয়।
আদেশে তাদেরকে আজই (৫ মার্চ) বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ বা তাৎক্ষণিক অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংযুক্ত করা দুই কর্মকর্তা হলেন—
১. মোহাম্মদ নাসির উদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস, নারায়ণগঞ্জ। তাকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে একই পদে পদায়ন করা হয়েছে।
২. মো. ওমর ফারুক, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস, নারায়ণগঞ্জ। তাকেও গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয় (রাজস্ব শাখা) থেকে প্রকাশিত এই আদেশে জানানো হয়, ৫ মার্চ ২০২৬ তারিখ অপরাহ্নেই তারা বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সকাল ৯টা থেকে খোলা থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে অফিসের কাউকে না পেয়ে সেসময় ক্ষোভ জানান তিনি।
তখন ভূমি প্রতিমন্ত্রী বলেন, অফিস সময় সকাল ৯টা হলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কর্মকর্তাদের অনুপস্থিতি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। এ ধরনের অবহেলার বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, ঘুষ-দুর্নীতি ও অনিয়ম রোধে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্তের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন চলবে।
খুলনা গেজেট/এমএনএস

