ইরানের পাল্টা হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ইতালি ও অস্ট্রেলিয়া। ইতোমধ্যে অস্ট্রেলিয়া দুটি সামরিক বিমান মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো তাঁর দেশও উপসাগরীয় দেশগুলোকে সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে।
আমরা স্পষ্টতই প্রতিরক্ষা সহায়তার কথা বলছি- বিশেষ করে আকাশ প্রতিরক্ষা।
মেলোনি আরও বলেন, উপসাগরীয় দেশগুলো যে শুধু বন্ধুপ্রতিম তা নয়, ওই অঞ্চলে কয়েক হাজার ইতালীয় নাগরিক আছেন। প্রায় দুই হাজার ইতালীয় সৈন্যও আছে। তাদের সুরক্ষা দেওয়া প্রয়োজন।
অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, জরুরি পরিস্থিতির প্রস্তুতির অংশ হিসেবে দেশটি মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। ওই অঞ্চলে ছয়টি ‘ক্রাইসিস রেসপন্স’ টিমও পাঠানো হয়েছে।
তবে কী ধরনের সামরিক সরঞ্জাম বা ইউনিট পাঠানো হয়েছে সে বিষয়ে আলবানিজ বিস্তারিত জানাননি। সম্প্রচারমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে দুটি সামরিক বিমান মোতায়েন করেছে অস্ট্রেলিয়া।
খুলনা গেজেট/এমএনএস

