সংগীতজীবনে নানা ধরনের গান গাওয়ার অভিজ্ঞতা হয়েছে শিল্পী সোমনূর মনির কোনালের। একইভাবে অন্তরা রহমান ও মাশা ইসলামের সুযোগ মিলেছে ভার্সেটাইল শিল্পী হিসেবে নিজেদের প্রমাণ করার। সেই সুবাদে এই তিন শিল্পী ডাক পেয়েছেন নারীর জন্য তৈরি করা ভিন্ন আঙ্গিকের একটি গানে কণ্ঠ দেওয়ার। সে প্রস্তাব সানন্দে গ্রহণও করেছেন এই শিল্পীত্রয়ী। চেষ্টা করেছেন গায়কিতে নিজেদের সেরাটা তুলে ধরার। তাদের গাওয়া গানটির শিরোনাম ‘নারী যায় বাড়ি’। এর কথা লিখেছেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। সুর করেছেন রেনেসাঁ ব্যান্ডের নন্দিত কণ্ঠশিল্পী, ড্রামার ও সুরকার পিলু খান। সংগীতায়োজন করেছেন সোলস ব্যান্ডের সদস্য মীর মাসুম।
মীর হিশাম ও সারাফ চিশতী যৌথভাবে ‘নারী যায় বাড়ি’ গানের একটি অ্যানিমেশন ভিডিও নির্মাণ করেছেন। ৮ মার্চ নারী দিবস উপলক্ষে গানটি প্রকাশ করবে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান আজব রেকর্ডস। এ আয়োজন নিয়ে শিল্পী কোনাল বলেন, শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খান গানের ভুবনের দুই কিংবদন্তি; যাদের গীতিকথা ও সুরে গান গাওয়ার স্বপ্ন অনেকের। সে কারণে ‘নারী যায় বাড়ি’ গানটি আমার শিল্পীজীবনের অন্য রকম এক অর্জন বলে মনে করি। গানটি অনেকের মনে ছাপ ফেলবে বলে আমার বিশ্বাস।’
নারীর জন্য আলাদাভাবে তৈরি করা গান প্রসঙ্গে শিল্পী অন্তরা বলেন, ‘নারী যায় বাড়ি’ গানের প্রতিটি শব্দ ও বাক্য যেন নিজজীবনের সঙ্গে গল্পগুলো জুড়ে দিয়েছে। নারীজীবনের সফরটা গানের মধ্য এমনভাবে উঠে এসেছে যে, খুব সহজেই তা মনকে নাড়া দিয়ে যায়। এমন একটি গানের সূত্র ধরে জঙ্গী ও পিলুর মতো বরেণ্য মানুষের সান্নিধ্য পাওয়ায় নিজেকে ধন্য মনে হয়েছে। এ কথার সঙ্গে একমত পোষণ করে শিল্পী মাশা ইসলাম বলেন, ‘সবার সঙ্গে কাজটি করতে পেরে খুব ভালো লেগেছে। শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খান আমাদের গানের জগতে দুই মহীরুহ। তাদের সঙ্গে কাজ করতে পারা দারুণ ব্যাপার। মীর মাসুমও সুন্দর সংগীতায়োজন করেছেন। সব মিলিয়ে গানটি যারা শুনবেন তাদের ভালো লাগবে বলে আশা করছি।’
গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর কথায়, নারীরা আজীবন তাদের নিজের ঘর খুঁজে বেড়ায়। কখনও বাবার ঘর, কখনও স্বামীর ঘর, কখনও পুত্রের ঘর। তার নিজের ঘর কী সে কখনও খুঁজে পায়? চিরন্তন এই প্রশ্ন নিয়ে গান ‘নারী যায় বাড়ি’। সুরকার পিলু খান বলেন, ‘জঙ্গী ভাইয়ের সঙ্গে গত চার দশকে নানা বিষয়ভিত্তিক গান করেছি। এবার সেখানে আরেকটি বিষয় যুক্ত হলো। আশা করি শ্রোতাদের ভালো লাগবে এ গান।’
‘নারী যায় বাড়ি’ গানটি ৮ মার্চ থেকে সারাবিশ্বের সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে। গানটির ভিডিও প্রকাশ পাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ সব শিল্পীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
খুলনা গেজেট/এমএনএস

