বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

বরিশালে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ২

গেজেট প্রতিবেদন

‎বরিশালের বাবুগঞ্জে উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার নতুনহাট কদমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম মো. শহিদুল ইসলাম (৪৮)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের হাসান হাওলাদারের ছেলে। অপর নারী তার চাচি বলে ধারণা করা হচ্ছে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বিকেলে উপজেলার নতুনহাট কদমতলা এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বরিশালগামী একটি যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা একই পরিবারের চার সদস্যের মধ্যে একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন সিএনজি চালকসহ আরও তিনজন। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তদন্ত চলছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের মাধ্যমে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহত দুইজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন