ইরান- ইসরাইল যুদ্ধে আরব আমিরাতের আবুধাবিতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে একজন পাকিস্তানি অভিবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শহরের ব্যস্ত রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে। মানুষের মাঝে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আবুধাবি শহরের অদূরে আল ধাফরা এলাকায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শোনা যাচ্ছে।
এ সময় আকাশ ধোঁয়াশাচ্ছন্ন হয়ে পড়ছে। আরব আমিরাত থেকে সকল বিমান যোগাযোগ বন্ধ করা হয়েছে। পুলিশ জনসাধারণকে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি, বাড়ির ছাদ ও জনসমাগম এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তার স্বার্থে যেকোনো সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থেকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে, বিশেষত খোলা আকাশের নিচে না যেতে, অযথা জমায়েত না করতে অনুরোধ জানানো হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, পরিচয়পত্র, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখার জন্য বলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে স্থানীয় সরকারের নির্দেশনা অনুযায়ী চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা অথবা ভিত্তিহীন কোনো সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
জরুরি প্রয়োজনে দূতাবাস ও কনস্যুলেটের নিম্নলিখিত হটলাইন নম্বর ও ইমেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট দুবাই জরুরি হটলাইন নম্বর চালু করেছে।
খুলনা গেজেট/এমএনএস

