বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অন্তত তিনটি শহরে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তবে পাকিস্তানি বাহিনী এই হামলার চেষ্টা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে বলেও যোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তারার লিখেছেন, আফগানিস্তান থেকে পাকিস্তানের অ্যাবোটাবাদ, সোয়াবি এবং নোসেরাতে ড্রোন উড়ে আসে। ওই সময় ড্রোন বিধ্বংসী ব্যবস্থা সব ড্রোন ধ্বংস করে দেয়।

এরআগে আফগান তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের বিমানবাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সামরিক স্থাপনাসহ একাধিক জায়গায় সফল হামলা চালিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে।

এতে ইসলামাবাদের ফয়জাবাদ, নোসেরার একটি সেনা ক্যাম্প, জামরুদের একটি সেনা ঘাঁটি এবং অ্যাবোটাবাদের একটি মিলিটারি কমপ্লেক্সে টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে তারা।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে চলা সীমান্ত উত্তেজনার পর গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান সেনারা। এরপর পাকিস্তান পাল্টা হামলা শুরু করে।

পাল্টা হামলায় এখন পর্যন্ত ২২৮ তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন