শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

পর্তুগালে সশস্ত্র হামলায় চার বাংলাদেশি গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

পর্তুগালের রাজধানী লিসবনে সশস্ত্র হামলায় চার বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় সময় বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শহরের বাঙালি অধ্যুষিত বেনফর্রমোচা এলাকায় অবস্থিত উজান ভাটি রেস্টুরেন্টের সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একটি প্রাইভেটকারে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রেস্টুরেন্টটির সামনে এসে থামে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে মুখোশধারী দুই থেকে তিনজন অস্ত্রধারী বের হয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হঠাৎ গুলির শব্দে রেস্টুরেন্টে উপস্থিত ক্রেতা ও কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে প্রাণভয়ে দিকবিদিক ছুটে পালানোর চেষ্টা করেন, কেউ টেবিলের নিচে বা রান্নাঘরের ভেতরে আশ্রয় নেন।

হামলায় রেস্টুরেন্টের কর্মচারীসহ কয়েকজন বাংলাদেশি আহত হন। এসময় অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে আরও কয়েকজন সামান্য আহত হন। গুলির শব্দে আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের শরীরে গুলি লেগেছে এবং তাদের অস্ত্রোপচার করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেলেও বাকিদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা আহতদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ঘটনার পরপরই পর্তুগালের জাতীয় পুলিশ বাহিনী (পিএসপি) এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হামলা এবং হামলাকারীরা নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিয়েই এসেছিল। তবে এটি ব্যক্তিগত শত্রুতা, ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদাবাজি কিংবা কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের অংশ কিনা সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনার পর বাংলাদেশ দূতাবাস লিসবন আহতদের খোঁজখবর নিতে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। নাম প্রকাশে অনিচ্ছুক দূতাবাসের এক কর্মকর্তা জানান, তারা চিকিৎসা ও সম্ভাব্য আইনি সহায়তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনে ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ানো হবে বলেও আশ্বাস দেয়া হয়েছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের শান্ত থাকার আহ্বান জানিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন