শ্রম আইন লঙ্ঘন ও দণ্ডসংক্রান্ত সময়সূচি সংশোধন করেছে সৌদি আরব। নতুন সূচি অনুযায়ী, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কোনো বিদেশি কর্মী নিয়োগ দিলে নিয়োগকর্তাকে বড় অংকের জরিমানার বিধান আরও বাড়িয়েছে সৌদি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী আহমেদ আল রাজি এ সিদ্ধান্ত জারি করেছেন। শ্রমবাজারের স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যেই এই সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সংশোধিত সূচি অনুযায়ী, শ্রম আইনের ১৬৭ ধারা লঙ্ঘন করে ১৫ বছরের কম বয়সী শিশুকে কাজে নিয়োগ দেয়া গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে ৫০ জন বা তার বেশি কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানের জন্য জরিমানার পরিমাণ সর্বোচ্চ ২ হাজার রিয়াল পর্যন্ত হতে পারে।
কোনো নিয়োগকর্তা যদি কর্মীর পাসপোর্ট বা রেসিডেন্সি পারমিট (ইকামা) নিজের কাছে রেখে দেন, তাহলে প্রতিটি কর্মীর জন্য ৩ হাজার রিয়াল জরিমানা আরোপ করা হবে। এছাড়া, শ্রম আইনের দশম অধ্যায়ের আওতায় কিশোর-কিশোরীদের নিয়োগসংক্রান্ত বিধান মানতে ব্যর্থ হলে প্রতি লঙ্ঘনে ১ হাজার ৫০০ রিয়াল জরিমানা গুনতে হবে।
নারী কর্মীদের আইনগত মাতৃত্বকালীন ছুটি না দিলে প্রতিজনের জন্য ১ হাজার রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি, যেসব প্রতিষ্ঠানে ৫০ জন বা তার বেশি নারী কর্মী রয়েছেন এবং অন্তত ১০ জন ছয় বছরের কম বয়সী শিশু রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ডে-কেয়ার বা নার্সারি সুবিধা নিশ্চিত করা বাধ্যতামূলক। এ নির্দেশনা মানা না হলে ৩ হাজার রিয়াল জরিমানা করা হবে।
চাকরিচুক্তি ইলেকট্রনিক পদ্ধতিতে নথিভুক্ত করতে ব্যর্থ হলে নিয়োগকর্তাকে প্রতিটি কর্মীর জন্য ১ হাজার রিয়াল জরিমানা দিতে হবে। হালনাগাদ সূচিতে অনুমোদনহীন নিয়োগ ও রিক্রুটমেন্ট কার্যক্রমের ক্ষেত্রেও কঠোর দণ্ডের কথা বলা হয়েছে। যথাযথ অনুমতি ছাড়া সৌদি নাগরিক বা বিদেশি কর্মী নিয়োগ বা রিক্রুটমেন্টে জড়িত ব্যক্তিদের প্রথম অপরাধে ২ লাখ রিয়াল, দ্বিতীয়বার ২ লাখ ২০ হাজার রিয়াল এবং তৃতীয়বার ২ লাখ ৫০ হাজার রিয়াল জরিমানার মুখে পড়তে হবে।
খুলনা গেজেট/এএজে

