মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

স্কুলের সেফটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর সাড়ে ৪ বছরের শিশু তাবাসসুমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরব এলাকার নজরুল হোসেনের মেয়ে। নজরুল পেশায় একজন দর্জি এবং তার স্ত্রী হালিমা খাতুন এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশনে কর্মরত। তারা বর্তমানে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদেডিগি গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল আড়াইটার পর থেকে তাবাসসুমের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক স্কুলের পাশ দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন