সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

টানা পতনের পর বড় উত্থানে পুঁজিবাজার

গেজেট প্রতিবেদন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী প্রথম সপ্তাহে টানা পতনের পর অবশেষে বড় উত্থানে ফিরল পুঁজিবাজারে সূচক।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একই সঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষ দিকে তা পতনে রূপ নেয়। তবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৫.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫৩.০৭ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১১.৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬.৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৩.৩০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৪৭টি কোম্পানির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত আছে ২২টির।

এ দিন ডিএসইতে মোট ৭১৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়ে ছিল ৫৬৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৯৪.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫০৭.৩৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪৭.৬৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৫০.০১ পয়েন্টে, শরিয়াসূচক ২.৯২ পয়েন্ট বেড়ে ৯২৭.২৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২০২.৫৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১০৫.০৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৭টি কোম্পানির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত আছে ১৮টির।

এ দিন সিএসইতে ১৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস রবিবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন