সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

চুয়াডাঙ্গায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, থানা ঘেরাও

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার দর্শনায় ইফতার শেষে মসজিদে যাওয়ার পথে রিপন (৪৫) নামের বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত রিপন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত মান্নানের ছেলে এবং স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার শেষে মসজিদে প্রবেশের সময় ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো হাসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলার পর তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য প্রথমে রেফার করলে তাকে রাজশাহী মেডিক্যালে নেওয়া হয়। রিপনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সমর্থিত হাসেম (৫৬) ও খায়রুল কামড়ি (৪৫) এবং বিএনপি কর্মী রিপনের মধ্যে পূর্বে বাগ্‌বিতণ্ডা হয়। এ বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।

এ ঘটনার প্রতিবাদে রাত ৯টার দিকে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টারের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা দর্শনা থানা ঘেরাও করে দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট বলেন, রিপনের ওপর হামলা পরিকল্পিত। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ইফতার শেষে মসজিদে যাওয়ার পথে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন