শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

স্বয়ংক্রিয় এয়ার রাইফেল নিয়ে শাহজালাল বিমানবন্দরে যাত্রী

গেজেট প্রতিবেদন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক গ্যাসচালিত স্বয়ংক্রিয় এয়ার রাইফেলসহ নূর হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুবাই থেকে আসা ওই যাত্রীকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক নূর হোসেনের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।

থানা পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যে শুক্রবার রাতে ফিটস এয়ারের একটি ফ্লাইটে দুবাই থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে অত্যাধুনিক অস্ত্র আসার খবরে হযরত শাহজালাল বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। পরবর্তীতে রাত ৮টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে নূর হোসেন নামের ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে তিনি জানান, সাইকেলের যন্ত্রাংশের ভেতরে এয়ার রাইফেলটির বিভিন্ন অংশবিশেষ রয়েছে। পরবর্তীতে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি তালিয়ে এয়ার রাইফেলটি জব্দ করে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাসচালিত অস্ত্রটি অত্যাধুনিক একটি অস্ত্র। নূর হোসেনের কাছ থেকে ওই এয়ার রাইফেলটি ছাড়াও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল, একটি ল্যাপটপ, ১০ কার্টুন সিগারেট, ৫ কেজি ফুড আইটেম, ২ লিটার পারফিউম ও একটি বাইসাইকেলের অংশবিশেষও পাওয়া গেছে।

অস্ত্রসহ বিমানযাত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিদেশি এয়ারগান নিয়ে আসায় বিমানবন্দর কাস্টমস নূর হোসেন নামের ওই যাত্রীকে আটক করে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নিচ্ছে পুলিশ।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন