শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

তেলবাহী লরিচাপায় বাবা নিহত, দুই ছেলে আহত

গেজেট প্রতিবেদন

নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরিচাপায় এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে তার দুই ছেলে গুরুতর আহত হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শফিক (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অপরদিকে গুরুতর আহতরা হলেন তার ছেলে শাকিল (২১) ও মো. একা (১৯)।

স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা তেলবাহী একটি লরি কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসে। যাত্রাপথে লরিটি সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী শফিকসহ তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তার দুই ছেলেকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

পরে স্থানীয়জনগণ মরদেহ রেখে রাস্তা অবরোধ করে রাখে, ঘটনাস্থলে নবনির্বাচিত স্থানীয় এমপি ফখরুল ইসলাম ও কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা, জনগণের পাঁচ দফা দাবি পুরনের আশ্বাস দিলে মরদেহ নিতে দেয় এবং রাস্তায় সড়ক অবরোধ তুলে নেয়। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন ঘটনাস্থলে যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা বলেন, ‘মোটরসাইকেলে ব্যবসায়ী শফিকসহ তার দুই ছেলে ছিলেন। তেলবাহী লরিচাপায় ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের দুই ছেলে গুরুত্বর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন