রমজানের প্রথম দিন আবারও সেই চিরচেনা রূপে ফিরে এসেছে খুলনার মূল সড়ক থেকে কানাগলি। প্রতিটি মোড়ে মোড়ে হরেক রকম ইফতারি সাজিয়ে বসেছে দোকানিরা। প্রথম রোজার শেষ বিকেলে ইফতার নিয়ে বড়েছে অন্য রকমের কর্মচাঞ্চল্য। কেউ ভাজছেন পেঁয়াজি, কেউবা আবার সাজাচ্ছেন বেগুনি, আলুর চপ কিংবা ডিমের চপ। যদিও আগের তুলনায় বাজার দর কিছুটা বেশি। কিন্তু দামে কোন প্রভাব পড়েনি বলে দোকান মালিকরা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে নগরীর পাইওনিয়ার মহিলা বালিকা মহাবিদ্যালয় রোডে গিয়ে দেখা যায়, জোহরের নামাজের পরেই ইফতারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। হাঁক-ডাকে জমজমাট হয়ে উঠেছে পুরো এলাকা। ক্রেতারাও ভিড় জমাচ্ছেন দুপুরের পর থেকেই। ইফতারের সময় যতই গড়াচ্ছে, ক্রেতার সংখ্যাও ততই বাড়ছে।
বিভিন্ন পাড়া মহল্লায় ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজিসহ ইফতারি বিক্রি হলেও সাউথ সেন্ট্রাল রোডের ‘ইফতারি’ বাজার কিছুটা আলাদা। এখানে প্রায় শতাধিক ইফতারির আইটেম দেখা যায়। বিভিন্ন দামে হরেক রকম ইফতারি রোজাদারদের দৃষ্টি কাড়ছে। এরমধ্যে রয়েছে পেঁয়াজি ৫ টাকা, আলুর চপ ৫ টাকা, ধনে পাতার চপ ৫ টাকা, বেগুনির চপ ৫ টাকা, সবজির চপ ১০ টাকা, রসুনের চপ ১০ টাকা, মাশরুমের চপ ১০ টাকা, ঝালের চপ ৫ টাকা, মুসার চপ ১০ টাকা, চিকেন চপ ২০ টাকা, চিংড়ির চপ ১০ টাকা, মাটন চপ ২০ টাকা, চিকেন বল ২০ টাকা, চিকেন রোল ২৫ টাকা, ডিমকোয়ার্টার ১০ টাকা, ফুল ডিম চপ ৩০ টকা, হাফ ডিমের চপ ১৫ টাকা, কোয়েল পাখির ডিমের চপ ১০, সবজি রোল ১৫ টাকা, আস্ত কোয়েল পাখি ১০০ টাকা, চিকেন লেগ পিস ৬০ টাকা, চিকেন ফ্রাই ৩০ টাকা, চিকেন সাসলিক ৫০ টাকা, রেশমি কাবাব ১০০ টাকা, ফিন্নি ৩০ টাকা, মাঠা ৪০-৮০, ছোলা ১০০ গ্রাম ২০ টাকায় বিক্রি করা হচ্ছে।
ইফতারি বাজারের মালিক সজিব বলেন, ‘রোজার আজ প্রথম দিন। ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবারও রোজার আইটেম বাড়ানো হয়েছে। আস্ত কোয়েল পাখি ও পাখির ডিমের চপ এবার রোজার নতুন আয়োজন। পপুলার আইটেমের মধ্যে রয়েছে রেশমি ও শাহি জিলাপি। এখানে আছে অনেক আলোচিত মাটন বল, চিকেন বল, চিকেন টিকিয়া, চিকেন ফ্রাই। এর মধ্যে রেশমি কাবাব ও জালি কাবাব ভিন্নভাবে বানানো হয়েছে। প্রথম দিনে রেশমি কাবাবের ব্যাপক সাড়া পাওয়া গেছে। রমজান যত বাড়বে ক্রেতাদের সমাগম তত বাড়বে। রেস্টুরেন্টে ১৬ জন লোক নিরালসভাবে কাজ করছেন।’
খুলনা গেজেট/এনএম

