শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

মোবারক হো মাহে রমজান

ড. আবু যুবায়ের

আহলান, সাহলান হে রমজানুল মোবারক। আজ পহেলা রমজান। আজ থেকে শুরু হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসের গুরুত্ব এত বেশী যে, এক হাদিসে আছে, উম্মত যদি জানত রমজান কি জিনিস তাহলে তারা এই আকাক্সক্ষা করত যে সারা বছর যেন রমজান হয়। রমজান মাস নেকি কামাইয়ের মাস।

নাজাতের বার্তা নিয়ে হাজির পবিত্র রোজার মাস। অশেষ কল্যাণের আধার এই মাসে আল্লাহর রহমত বৃষ্টি ধারার ন্যায় বর্ষাতে থাকে। এই মাস ধৈর্য, সহমর্মিতা, আত্মশুদ্ধি, আত্মসংযম ও তাকওয়া অর্জনের মাস। রমজানের রোজা আমাদের উপর ফরজ বা আবশ্যক।

মহান আল্লাহ জাল্লাশানুুহ্ এরশাদ করেন, হে ইমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পার (বাকারা : ১৮৩ )।

এই আয়াতের মাধ্যমে বোঝা যায় রোজা আগেকার উম্মতের উপরও ফরজ ছিল। তবে তার সংখ্যা ও ধরন ছিল ভিন্ন।

এই মাসের ফজিলতের অন্যতম কারণ হলো এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়। মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, রমজান মাসই হল সে মাস, যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য স্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে এ মাসের রোজা রাখবে (বাকারা : ১৮৫)।

বর্ণিত আছে, অন্যান্য বড় বড় আসমানি কিতাবও এই মাসেই নাজিল হয়েছে। দুনিয়ার প্রত্যেকটি জিনিসের একটি উপযুক্ত সময় আছে; ব্যবসায়ীদের লাভের একটি মৌসুম আছে, প্রতিটি ফসলের একটি নির্দিষ্ট ঋতু আছে। এমনিভাবে সর্বাধিক নেকি কামায়েরও একটি সময় আছে। আর এটা হলো এই রোজার মাস। আমরা যাতে এই মাসে বেশী বেশী নেকি অর্জন করতে পারি তার জন্য আজ থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আমাদের দুনিয়াবি কাজ কিছুটা কমিয়ে নেক আমলে বাড়তি সময় দিতে হবে।

মহান আল্লাহ তায়ালা আমাদের এই মাসের বরকত ও ফজিলত দান করেন এবং এর মর্যাদা রক্ষার তওফিক দান করেন। আমিন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন