বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কাজে যোগ দিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আসলে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
পরে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রণালয় এবং অধঃস্তন সংস্থাসমূহের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, “আমরা আপনাদের সহযোগিতা করার জন্য এসেছি।একই সঙ্গে আপনাদের কাছ থেকেও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।সম্মিলিত প্রচেষ্টায় এই মন্ত্রণালয়ের কার্যক্রমকে জনস্বার্থে আরো গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে চাই।”
তিনি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী নতুন সরকারের ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”
পাশাপাশি দেশের বিমানবন্দরসমূহকে লাভজনক ও আধুনিক করে তুলতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপ করেন।
মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো বেগবান করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা চান নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
খুলনা গেজেট/এমএনএস

