শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২
‘দলে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদারের জায়গা হবে না’

শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার উন্নতি করার অঙ্গীকার আজিজুল বারী হেলালের

বিএম শহিদুল ইসলাম

রূপসা, তেরখাদা আর দিঘলিয়া নিয়ে খুলনা-৪ আসন গঠিত। এ অঞ্চল থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা, অবৈধ দখল মুক্ত এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই প্রথম ও প্রধান লক্ষ্য বিএনপি’র দুঃসময়ের পরীক্ষিত সৈনিক আজিজুল বারী হেলালের।

তিনি জাতীয়তাবাদী ছাত্রদল দিয়ে শুরু করেছিলেন তাঁর রাজনৈতিক জীবন। নেতৃত্বের সিঁড়ি বেয়ে একসময় হয়েছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও পরে কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক। এখন তিনি সাধারণ জনগণের আস্থার প্রতীক এবং ভোটে নব-নির্বাচিত খুলনা-৪ আসনের সংসদ সদস্য।

এখন তিনি নির্বাচনে মানুষকে দেওয়া প্রতিশ্রুতিকে প্রাধান্য দেবেন। তিনি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসেনকে ১৩ হাজার ৬৩২ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

নির্বাচিত হওয়ার পর দৈনিক খুলনা গেজেটকে দেয়া সাক্ষাৎকারে স্থানীয় জনগণকে দেওয়া প্রতিশ্রুতিকে প্রাধান্য দেবেন বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন পূর্ব সভাগুলোতে তিনি উল্লেখ করেন, মৃত্যু পর্যন্ত রূপসা, তেরখাদা আর দিঘলিয়ার মানুষের পাশে থাকবেন।

এ সময় উন্নয়নের প্রসঙ্গ নিয়ে আজিজুল বারী হেলাল বলেন, শান্তি-শৃঙ্খলা, চিকিৎসা টেকসই উন্নয়ন, মাদক মুক্ত সমাজ, মানুষকে নৈতিকতা ও ধর্ম শিক্ষার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, যেমন ইন্টারনাল রাস্তাগুলোকে বড় বড় সড়কগুলোর সাথে সংযোগ করে যোগাযোগের উন্নয়নের ভাবনা তাঁর। সাদা সোনা বলে পরিচিত চিংড়ির মান বাড়াতে আধুনিক সংরক্ষণাগার তৈরি। তবে শুধু অবকাঠামো উন্নয়ন নয়-মানবিক উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। তাই খুলনা-৪ আসনকে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি, উন্নয়ন ও সুশাসনের পথে অঞ্চলটিকে ফিরিয়ে আনা হবে। এই জনপদের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেছেন, আমাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় ফিরতে হবে। সকল ধর্মের মানুষ মিলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলব। রাজনীতি হবে সত্য, সততা ও ন্যায়নিষ্ঠার। ধর্ম মানুষকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করে। সন্তানদের মাদক থেকে দূরে রাখতে হবে। আমার দলে কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী, অবৈধ দখলদারের জায়গা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান-আপনারা এলাকার এ সকল লোকদের বিরুদ্ধে প্রচলিত আইনের কঠোর ব্যবস্থা নিন আমি সর্বোচ্চ সহযোগিতা করব। তারা যে দলেরই হোক না কেন, অন্যায়ের শাস্তি নিশ্চিত করতে হবে।

আজিজুল বারী হেলাল শেষে আরও বলেন, আমি সকলের ভোটে নির্বাচিত সংসদ সদস্য সকলের প্রতি খেয়াল রাখা আমার দায়িত্ব। তাই হটলাইন ০১৯৭৩-৬৬৭৪৬৬ এ নম্বর চালু রেখেছি। যাতে সাধারণ মানুষ সহজে অভিযোগ করতে পারে। নির্বাচনের পূর্ব সময়ে প্রশ্ন উত্তরে যেভাবে জনতার মুখোমুখি হয়েছি। তেমনি প্রতি দুই থেকে তিন মাস অন্তর অন্তর জনতার মুখোমুখি হব এবং সমস্যার সমাধান করব।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন