শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

সংসদ সদস্য না হয়েও মন্ত্রিসভায় আমিন-উর-রশিদ ইয়াছিন

গেজেট প্রতিবেদন

কুমিল্লার রাজনীতিতে দীর্ঘ ত্যাগের মূল্যায়ন পেলেন বিএনপি নেতা মোহাম্মদ আমিন-উর-রশিদ (ইয়াছিন)। সংসদ সদস্য নির্বাচিত না হয়েও দলীয় আনুগত্য ও রাজনৈতিক প্রজ্ঞার স্বীকৃতিস্বরূপ তিনি মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

তিনি টেকনোক্র্যাট কোটায় কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লার মানুষ উচ্ছ্বসিত।

জানা গেছে, আমিন-উর-রশিদ কুমিল্লা নগরের মনোহরপুর (নিমতলী) এলাকার ভোটার। তবে তার পৈতৃক বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের পরানপুর গ্রামে। তার বাবা প্রয়াত হাজী আলী মিয়া ও মা আমেনা বেগম। তিনি ১৯৫৮ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পেশায় ব্যবসায়ী আমিন-উর-রশিদ ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিলুপ্ত হওয়া কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি কুমিল্লা-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ হলেও শেষ মুহূর্তে দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। গত ১৫ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন আমিন-উর-রশিদ। ওই বৈঠকের পরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। নিজে নির্বাচন না করলেও দক্ষিণ জেলার সংসদীয় আসনগুলোর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে প্রার্থীদের বিজয়ী করতে নিরলস কাজ করেছেন তিনি। বিশেষ করে কুমিল্লা-৯ আসনে অভ্যন্তরীণ কোন্দল নিরসনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা (টিপু) বলেন, ‘গত ৩৪ বছর ধরে বিএনপির রাজনীতিতে সৎ ও পরীক্ষিত নেতা হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন। বিগত ১৭ বছর কুমিল্লা সদর আসনে দলকে আগলে রেখেছেন তিনি। দলের জন্য আজীবন শুধু ত্যাগ স্বীকার করে গেছেন। অবশেষে সেই ত্যাগের মূল্যায়ন হয়েছে।’

মন্ত্রিসভায় ডাক পাওয়ার পর মুঠোফোনে আমিন-উর-রশিদ (ইয়াছিন) বলেন, ‘সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আমাকে মন্ত্রিপরিষদ বিভাগ ও দলের শীর্ষ পর্যায় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি দেশের সেবা করার জন্য সবার কাছে দোয়া চাই।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন