শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

পিরোজপুরে বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম, মামলা ও শনাক্ত হয়নি কেউ

গেজেট প্রতিবেদন

পিরোজপুরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় এখনো হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনোও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

আহতরা হলেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (৭০) এবং তার ভাইপো রিয়াজ উদ্দিন মল্লিক নিপু (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে পাশের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট এলাকা থেকে মোটরসাইকেলে করে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে ফিরছিলেন তারা। পথে পিরোজপুর-চরখালী সড়কের পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা সেতুর মাঝামাঝি সাইফুল মাওলানার বাড়ির সামনে ৮-১০টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে।

এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে নাসিরের হাত, পা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁকে রক্ষা করতে গেলে নিপুর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পাশাপাশি হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে ফেরিঘাট থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাসিরকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেওয়া হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর হোসেনের পক্ষে সদর উপজেলার প্রধান সমন্বয়ক ছিলেন নাসির।

পাশাপাশি তিনি জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর ঘনিষ্ঠ আত্মীয়। ওই নির্বাচনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে মাসুদ বিজয়ী হন।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

তিনি বলেন, ‘ঘটনার কারণ বা জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল দুটি উপজেলার সীমান্তবর্তী হওয়ায় পিরোজপুর সদর উপজেলা ও ইন্দুরকানী থানার পুলিশ যৌথভাবে তদন্ত করছে।

পুলিশ জানায়, আহত ব্যক্তিদের স্বজনরা চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

এদিকে, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন