শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

জীবনের প্রথম ভোট দিয়ে উল্লসিত তরুণ ভোটাররা

নিজস্ব প্রতিবেদক

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে কেউ দিয়েছেন জীবনের প্রথম ভোট আবার কেউ দিয়েছেন জীবনের শেষ ভোট।

নির্বাচনে তরুণ-তরুণীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ১৮-২৫ বছর বয়সি ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট নিয়ে সিনিয়র সিটিজেনদের আবেগ খুব একটা চোখে পড়েনি। ব্যতিক্রম ছিল মিয়াপাড়া এলাকার বাসিন্দা ৯০ বছর বয়সি শাহনারা বেগমের ভোট দেওয়া।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রিকশায় করে দুই নাতির কাঁধে ভর দিয়ে খুলনার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইতলার একটি কক্ষে গিয়ে ভোট প্রদান করেন শাহানারা বেগম। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। কথা স্পষ্ট করে বলতে পারেন না। কালের ইতিহাসের সাক্ষী হলেন তিনি। কানে তেমন শুনতে পান না।

নাতি আজিজুল ইসলাম জানায়, “আমি ভোট দিতে যাওয়ার কথা বললে তিনি স্বেচ্ছায় কেন্দ্রে আসতে চান। জীবনে অনেক ভোট দিয়েছেন তিনি। কখনও এবারের নির্বাচনের মতো আর কোনো নির্বাচন দেখেননি।”

নাতি আরও বলেন, “আগামী নির্বাচন তিনি পাবেন কী-না জানিনা। এখনও আমাদের মাঝে আছেন এটাই আনন্দের।”

নির্বাচনে নতুন ভোট দিয়েছেন অনেক নবীন ভোটার। তাদের কেউ কেউ স্মৃতি ধরে রাখতে একসাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভোট প্রদান শেষে কথা হয় আলিয়া মাদ্রাসার অনার্সের শিক্ষার্থী যোবায়েরের সাথে। তিনি জানান, “বাবা-মায়ের সাথে মৌলভীপাড়ায় বসবাস করি। এটা আমার জীবনের প্রথম ভোট। ভোট দিয়ে খুব ভালো লাগছে।”

তার অন্য বন্ধুরাও এবার নতুন ভোটার হয়েছেন। তাদের সাথে বাইরে গিয়ে ভোট উৎসব উদ্যাপন করবে জানায় সে।

একই কেন্দ্রে কথা হয় অন্তুর সাথে। তিনি বলেন, “ভোট দিতে পেরে অনেক খুশি। ভেতরে এক ধরনের আবেগ কাজ করছে। আমার ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। সরকার নির্বাচিত হবে। দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে। আমার ভোটটি অবশ্যই গুরুত্বের।”

খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের চারটি কেন্দ্রের একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সোহানুর রহমান বলেন, “সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নিরাপত্তার কোনও ঘাটতি ছিল না। বডি অর্ন ক্যামেরা নিয়ে এখানে পুলিশের অবস্থান ছিল। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন