শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বিএনপি’র নিরঙ্কুশ জয়, হ্যাঁ-এর পক্ষে ৭৭% ভোট

গেজেট প্রতিবেদন

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৩৪টিতে ঘোষিত ফলাফলে বিএনপি জয় পেয়েছে ১৬৭টি আসনে। অপরদিকে জামায়াত জোট পেয়েছে ৬২টি আসন। সরকার গঠনের জন্য যেখানে প্রয়োজন ১৫১টি আসন। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বেসরকারিভাবে ফলাফল ঘোষণা চলছিল।

এবারের নির্বাচনে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে জয় পেয়েছেন। জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে জয় পেয়েছেন। তবে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগর লবির কাছে হেরে গেছেন। জিতেছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত বেসরকারিভাবে ফলাফলে জানা যায়, বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। তিনি ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

ঢাকা-১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক ফেইজে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম জানান। এ আসনে মোট ১২৭টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। অর্থাৎ জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন।

খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৭০২ ভোট।

ঢাকা-১১ আসনে বিজয়ী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির নির্বাচনি পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। ওই পোস্টে তিনি বলেন, ‘সহযোদ্ধা নাহিদ ইসলাম বিজয়ী হয়েছেন। আলহামদুলিল্লাহ।

আর রংপুর-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন। ১৬৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে শাপলা কলি প্রতীকে এনসিপির আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৮ হাজার ৩৩১ ভোট। তবে পোস্টাল ভোটের তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে গণভোটে ৭৭% ভোটার হ্যাঁ-এর পক্ষে তাদের সমর্থন দিয়েছেন। আর না-এর পক্ষে ভোট দিয়েছে ২৩% ভোটার।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন, দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনি আসন-বগুড়া- ৬ এবং ঢাকা- ১৭তে ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তিনি বলেন, বুধবার রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখলসহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি, ধানের শীষের প্রার্থীরা বিপুলসংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকেই এরই মাঝে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মাহদী বলেন, জনগণের ভালোবাসায় সিক্ত বিএনপি ইনশাআল্লাহ জনসমর্থন নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসনভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন