শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে জালভোটের অভিযোগ, ভিডিও ভাইরাল

গেজেট প্রতিবেদন

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাতিয়া পৌরসভার শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ভোটের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কেন্দ্রের ১নং ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা একাধিক ব্যালট পেপারে নিজ হাতে সিল মারছেন। অভিযোগ অনুযায়ী, ভোটারের হাতে ব্যালট না দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজেই ব্যালটে সিল দেন। ভিডিওতে ‘হ্যাঁ’ ভোট এবং শাপলা কলি প্রতীকে সিল মারার বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভিডিওটি প্রথমে ‘আব্দুল হালিম’ নামের একটি ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়। এরপর দ্রুত তা বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইলে ছড়িয়ে পড়ে। ভিডিও পর্যবেক্ষণ করে স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, সেখানে পুরুষ ভোটারের নামে নারী ভোটার ভোট প্রদান করছেন এমন দৃশ্যও দেখা গেছে। এ অভিযোগ সত্য হলে তা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সচেতন মহল।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত সহকারী প্রিজাইডিং কর্মকর্তার নাম রিজিয়া সুলতানা। তিনি বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এবারের নির্বাচনে শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১নং ওয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রশাসন তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানাকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন