শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২
জেলার ৬টি আসনে প্রার্থী ৩৮

খুলনার ৫টি আসনে বিএনপি-জামায়াত, অন্যটিতে খেলাফত মজলিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার আভাস

নিজস্ব প্রতিবেদক

সব প্রস্তুতি শেষ হয়েছে আগেই। সকাল থেকেই শুরু হয়েছে কাংখিত নির্বাচনের ভোটগ্রহণ। এবার খুলনার ৬টি আসনে ১৩টি দলের ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হচ্ছে বিএনপির সঙ্গে জামায়াত প্রার্থীদের।

স্থানীয় ভোটারদের সঙ্গে খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের শুরুর দিকে অসম লড়াইয়ের কথা বলা হলেও শেষ দিকে এসে দৃশ্যপট কিছুটা পাল্টেছে। খুলনা-১, ২, ৩, ৫ ও ৬ নম্বর আসনে বিএনপির সঙ্গে জামায়াতের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। শুধুমাত্র খুলনা-৪ নম্বর আসনে বিএনপির সঙ্গে খেলাফত মজলিস সমর্থিত প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। এই আসনে জামায়াত জোট সমর্থন দিয়েছে খেলাফতের প্রার্থীকে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, খুলনা-১ আসন থেকে সর্বোচ্চ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা জানান, মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির আমীর এজাজ খান ও জামায়াতের কৃষ্ণ নন্দী। এই আসনে সিপিবির কিশোর কুমার রায়ও উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাবেন বলে ভোটারদের ধারণা।

খুলনা-২ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে।

খুলনা-৩ আসনে প্রার্থী ১০ জন। এর মধ্যে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সঙ্গে জামায়াতের খুলনা মহানগর আমির মাহফুজুর রহমানের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন ভোটাররা। এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ আবদুল আউয়ালও উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাবেন।

খুলনা-৪ আসনের প্রার্থী রয়েছেন ৪ জন। আসনটি খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য। তাদের প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেনের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের প্রতিদ্বন্দ্বিতা হবে। এই আসনের প্রার্থী ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহম্মেদ শেখও ভালো ভোট পাবেন বলে ভোটারদের ধারণা।

খুলনা-৫ আসনে মোট প্রার্থী ৪ জন। এর মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে বিএনপির প্রার্থী আলী আজগর লবীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা-৬ আসনে প্রার্থী ৫ জন। এই আসনেও জামায়াতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা।

খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার বলেন, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ। আশা করছি সর্বোচ্চ সংখ্যক মানুষই ভোট দিবেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন