শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২
সংসদ নির্বাচন ও গণভোট আজ

ফলাফলের অপেক্ষায় জাতি

কাজী মোতাহার রহমান

আজ ১২ ফেব্রুয়ারি। জাতীয় জীবনে ঐতিহাসিক প্রেক্ষাপট। দেশ পরিচালনার জন্য জাতি একটি দলকে রায় প্রদান করবে। সেই প্রতিক্ষার প্রহর গুনছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রহসনের নির্বাচন হয়। ভোটারের প্রয়োজন হয়নি। একাদশ নির্বাচন নৈশ ভোট হিসেবে চিহ্নিত। নতুন ভোটারদের কাছে এক উৎসব। দেশ পরিচালনার জন্য তাদের রায় আজ। একই সাথে সংসদ ও গণভোট। স্বৈরশাসনমুক্ত বাংলাদেশে এই প্রথমবারের মতো জাতি ভোট দেয়ার সুযোগ পাচ্ছে।

আজ সকাল সাড়ে সাতটায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। একই সঙ্গে হবে জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট। গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। আগামীকাল ভোট হবে ২৯৯টি আসনে। ইতিমধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

বুধবার রাতের মধ্যে ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যায় ব্যালট পেপারসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। আজ সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালট হবে গণভোটের।

গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দেড় বছরের মাথায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না।

সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে বলা হয়, এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। তবে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় দলটির কর্মী-সমর্থকদের সবাই ভোটকেন্দ্রে যাবে কিনা, তা নিয়ে সংশয় আছে। অবশ্য ইসি বলেছে, তারা আশা করছে, ভোটার টার্ন আউট (ভোট পড়ার হার) ভালো হবে।

নির্বাচন কমিশনে মোট নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৬০টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি দল। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ২৯৯ আসনে মোট প্রার্থী আছেন ২ হাজার ২৮ জন। এর মধ্যে ৫০টি রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। মোট নারী প্রার্থী আছেন ৮১ জন।

‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। ইতোমধ্যে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দিয়েছেন দুর্নীতিকে দমন করার প্রতিশ্রুতিসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান পোস্টে লেখেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। ‘জনতার ইশতেহার’ শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্মে এসব মতামত সংগ্রহ করা হবে। সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামায়াত ইসলামী। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া সব মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন আর হিজড়া পরিচয়ে ভোটার আছেন ১ হাজার ২৩২ জন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এবার ভোটাররা সশরীর ভোট দেবেন, এমন ভোটকেন্দ্র আছে ৪২ হাজার ৬৫৯টি। আর ২৯৯টি কেন্দ্রে পোস্টাল ভোটের গণনা করা হবে। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৯৫৮টি। তিনি জানান, নির্বাচনে মোট ৪৫ হাজার ৩৩০ জন পর্যবেক্ষক থাকছেন। এর মধ্যে ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক। বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা আরও কিছু বাড়তে পারে। নির্বাচন উপলক্ষে সরকার দু’দিন ছুটি ঘোষণা করেছেন।

এই নির্বাচন কমিশনার জানান, ভোটকেন্দ্রগুলোতে নজরদারি নিশ্চিত করার জন্য ৯০ ভাগের বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচনে মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা, ৯৫৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ৪৩ হাজার ৭৮ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৮৬২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৫ লাখের বেশি পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯৮ জন আর বিচারিক ম্যাজিস্ট্রেট আছেন ৬৫৭ জন।

এবারই প্রথম ভোটার হওয়া শিক্ষার্থী রাফি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, ঈদের মতোই আনন্দ। আমার ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। সরকার নির্বাচিত হবে। দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে। আমার ভোটটি অবশ্যই গুরুত্বের।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন