আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে সাধারণ ছুটি, পাড়া-মহল্লায় উৎসবের আবহ তার সঙ্গে আছে টানটান উত্তেজনা। কে গড়বে নতুন সরকার, কার হাতে যাবে নেতৃত্ব এই প্রশ্নে যখন সরগরম চারপাশ, তখন নিজের প্রত্যাশার কথা জানালেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অপু বলেন, নতুন সরকারের কাছে তার সবচেয়ে বড় প্রত্যাশা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে ডিজিটাল যুগে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, গ্রামের অনেক মানুষ এখনও এআই সম্পর্কে সচেতন নন। অথচ এই প্রযুক্তি ব্যবহার করে ছবি বিকৃত করা বা অপপ্রচার চালানোর ঘটনা বাড়ছে।
অপু বলেন, আমাদের মতো শিল্পী থেকে শুরু করে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও এর শিকার হচ্ছেন। সরকার চাইলে কঠোর ব্যবস্থা নিয়ে এসব দমন করতে পারে।
তিনি মনে করেন, শুধু আইন করলেই হবে না, সচেতনতা ও দ্রুত পদক্ষেপ জরুরি। নতুন সরকার যেই আসুক না কেন, প্রযুক্তির অপব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ দেখতে চান এই নায়িকা। দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তার মতে, সঠিক পরিকল্পনা ও নীতিগত সহায়তা পেলে দেশের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনেও আরও শক্ত অবস্থান নিতে পারবে। একজন উদ্যোক্তা ও অভিনেত্রী হিসেবে অপু বিশ্বাস সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর ভোটগ্রহণের প্রত্যাশা জানিয়েছেন। একইসঙ্গে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন ভোটার ও নির্বাচনে সংশ্লিষ্ট সবার প্রতি।
প্রসঙ্গত, অপু বিশ্বাস ব্যস্ত রয়েছেন কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ এবং বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ এই দুই সিনেমার কাজ নিয়ে। ভোটের আবহে রাজনৈতিক আলোচনা যেমন চলছে, তেমনি নিজের কাজ ও সামাজিক প্রত্যাশা নিয়েও সরব এই নায়িকা।
খুলনা গেজেট/এএজে

