দক্ষ জনশক্তি রপ্তানিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। কেন্দ্রটিতে গত এক বছরে নতুন যোগ হয়েছে ৮ টি ট্রেড। এরফলে এ অঞ্চলের শিক্ষিত যুব মহিলাদের প্রশিক্ষণের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর্জা ফিরোজ হাসান বলেন, ‘বর্তমানে প্রতিষ্ঠানের ১২ টি ট্রেডে তিন শতাধিক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। বিদেশে চাহিদা থাকায় নতুন ৮ টি ট্রেডে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরমধ্যে রয়েছে হাউজ কিপিং, হ্যান্ড স্ট্রিচ ও এমব্রয়ডারি, ফুড এন্ড রেভারেজ সার্ভিস, জেনারেল কেয়ার গিভিং, ফ্যাশন ডিজাইন এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কেয়ার গভিং ফর এন্ড্রারলি পারসন, বিউটিফিকেশন ও সিবিটি এন্ড এ।’
তিনি বলেন, ‘এনএসডিএ’র আওতায় নতুন ১৭ টি ট্রেড/কোর্সের এ্যাক্রিডিটেশন হয়েছে, এই কেন্দ্র হতে বিভিন্ন অকুপেশনে পাশকৃত প্রশিক্ষণার্থীর দেশ-বিদেশে কর্মসংস্থানের হার ৪০ শতাংশ। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এছাড়া বর্তমানে সকল প্রশিক্ষণার্থীদের বিএমইটি ওইপি এলএমএস অ্যাপের মাধ্যমে ভর্তি ও ডাটা সংরক্ষণ করা হচ্ছে। বিভিন্ন অকুপেশনে প্রশিক্ষণার্থী সুষ্ঠুভাবে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য পৃথক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। ফুড এন্ড বেভারেজ সার্ভিস ট্রেডে নতুন করে আন্তর্জাতিক মানের বার কাউন্টার তৈরি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মহিলা টিটিসিতে প্রবেশে স্বতন্ত্র গেট না থাকায় এবং যাতায়াতের সড়কটির বেহাল অবস্থার কারণে প্রশিক্ষণার্থীদের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।’ এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
খুলনা গেজেট/এনএম

