শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

নিরঙ্কুশ জয় উদযাপন ও কর ছাড় কার্যকরের প্রতিশ্রুতি জাপানের প্রধানমন্ত্রীর

গেজেট প্রতিবেদন

জাপানের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনের পর কর ছাড় কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। রোববার অনুষ্ঠিত নির্বাচনে তার নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) পার্লামেন্টের ৫০০ আসনের মধ্যে ৩১৬টি আসনে জয় পেতে যাচ্ছে বলে এনএইচকের পূর্বাভাসে দেখা গেছে। এর ফলে নিম্নকক্ষে দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে, যা ১৯৫৫ সালে দলটির প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ সাফল্য। খবর আল জাজিরার।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এনএইচকেকে দেয়া এক সাক্ষাৎকারে তাকাইচি বলেন, তিনি ভোগ্যপণ্যের ওপর কর কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেবেন। নির্বাচনি প্রচারে এলডিপি দুই বছরের জন্য খাদ্যপণ্যের ওপর ৮ শতাংশ ভোগ্যকর স্থগিত করার অঙ্গীকার করেছিলেন। তাকাইচি জানান, কর হ্রাস নিয়ে দ্রুত আলোচনা এগিয়ে নিতে সব দলের অংশগ্রহণে একটি সর্বদলীয় ফোরাম গঠনের উদ্যোগ নেবেন।

তিনি আরও জানান, তার মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আনা হবে না। বর্তমান মন্ত্রিসভাকে তিনি ‘ভালো একটি টিম’ বলে উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তাই এই বড় জয়ের অন্যতম কারণ। এই শক্তিশালী গণম্যান্ডেট তাকে নিরাপত্তা, অভিবাসন ও অর্থনৈতিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের সুযোগ দেবে।

এলডিপির জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি ৩৬টি আসন পেয়েছে, আর প্রধান বিরোধী দল সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স আগের ১৭২টি আসনের মধ্যে মাত্র ৪৯টিতে জয় পেয়েছে। নির্বাচনের ফলকে স্বাগত জানিয়েছেন জাপানের ব্যবসায়ী সংগঠন কেইদানরেনসহ বিভিন্ন আন্তর্জাতিক নেতা। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি ও তাইওয়ান তাকাইচিকে অভিনন্দন জানিয়েছে। তবে চীনের সঙ্গে সম্পর্ক কীভাবে সামাল দেবেন, সেটিই তার পররাষ্ট্রনীতির বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন