পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বেপরোয়া গতির কারণে একটি ট্রেলার দুর্ঘটনার শিকার হলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, তাদের চিকিৎসায় জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে। দেশটির কানো প্রদেশে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। খবর টিআরটি ওয়ার্ল্ড
রবিবার (৮ ফেব্রুয়ারি) কানো প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানান, গুজুঙ্গুর দিকে যাচ্ছিল এমন একটি ট্রেলার বেপরোয়া গতিতে চলার কারণে দুর্ঘটনায় পড়ে। এতে ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারান এবং আরও বহু মানুষ গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর কানো প্রাদেশিক গভর্নর আব্বা কবির ইউসুফ আহতদের জন্য বিনা মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
প্রসঙ্গত, নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটির সড়ক অবকাঠামো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এবং যান চলাচলের নিয়মও খুব কমই মানা হয়।
২০২৩ সালে নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) জানিয়েছিল, সারা দেশে ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪২১ জন নিহত হন।
খুলনা গেজেট/এএজে

