শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমা’র নামাজের সময় হওয়া আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) ।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় মসজিদে জুমার নামাজের প্রস্তুতি চলছিল, ফলে সেখানে প্রচুর মানুষের সমাগম ছিল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় ইসলামাবাদের তারলাই এলাকার ‘ইমামবাড়া কাসর-ই-খাদিজাতুল কুবরা’মসজিদে এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১৬০ জনের বেশি, এদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস)-এর মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়েছে। এখনও আরও ৯ জন সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসলামাবাদে কড়া নিরাপত্তায় নিহতদের মধ্যে ১৩ জনের জানাজা সম্পন্ন হয়েছে। এই জানাজায় রাজনৈতিক নেতা, ধর্মীয় আলেম এবং সাধারণ মানুষের ঢল নামে। এছাড়া তারলাই এলাকায় ৩২ জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

২০০৮ সালে ম্যারিয়ট হোটেলে বোমা হামলার পর এটিই ইসলামাবাদের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। দেশটির সরকার ইমামবাড়া ও মসজিদগুলোর নিরাপত্তা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। হামলার পর ইসলামাবাদ এবং এর আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন