শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার ইস্যুতে নতুন ইঙ্গিত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনার বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তবে উভয় পক্ষই মনে করছে, আলোচনা শিগগিরই হওয়া প্রয়োজন। এমনটি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তেহরান থেকে সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, দুই দেশ দ্বিতীয় দফা বৈঠকে বসতে সম্মত হয়েছে, কিন্তু সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, আলোচনায় বিলম্ব হলে তা ইরান ও যুক্তরাষ্ট্র-উভয় দেশের অভ্যন্তরীণ কঠোরপন্থি শক্তির প্রভাব বা ওয়াশিংটনে ইসরায়েলি লবির প্রভাবের কারণে জটিল হয়ে উঠতে পারে-এমন আশঙ্কা রয়েছে। তাই শিগগির শব্দটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আল জাজিরা আরবির সাংবাদিকদের প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে আরাঘচি বলেন, এমন সম্ভাবনা সব সময়ই থাকে। তবে ইরান শান্তি ও যুদ্ধ-উভয়ের জন্যই প্রস্তুত।

তিনি আরও জানান, সম্ভাব্য কোনো মার্কিন হামলার ক্ষেত্রে ইরানের লক্ষ্য হবে এই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনারা, আঞ্চলিক দেশগুলো নয়। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর কাছে এই বার্তাই দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

বিশ্বাসের সংকট প্রসঙ্গেও কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, গত বছরের যুদ্ধের অভিজ্ঞতার কারণে দুই পক্ষের মধ্যে আস্থা গড়ে তুলতে এখনও অনেক পথ বাকি রয়েছে।

খুলনা গেজেট / এম এন এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন