শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এপস্টেইন

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের কথা সামনে এসেছে। ২০২০ সালের এফবিআইয়ের একটি নথিতে দেখা গেছে, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের অধীনে এপস্টেইনকে ‘গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণ দেয়া হয়েছিল’।

এফবিআইয়ের সেই নথিতে একটি গোপন সূত্র (কনফিডেনশিয়াল হিউম্যান সোর্স) যুক্তরাষ্ট্রের নির্বাচনি প্রক্রিয়ায় ‘দেশিয় বা বিদেশি প্রভাব’ সংক্রান্ত গোয়েন্দা তথ্য রয়েছে। তবে সূত্রটি নির্বাচন ছাড়া আরও ‘একাধিক বিষয়ে অতিরিক্ত তথ্য প্রদান করেছে’ বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

নথি অনুযায়ী, সূত্রটি দাবি করেছে যে তিনি হার্ভার্ডের আইন অধ্যাপক অ্যালান ডারশোভিটজ ও এপস্টেইনের মধ্যকার ফোনালাপ শুনে সেগুলোর নোট নিয়েছিলেন। ওই ফোনালাপের বিবরণ পরে ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাঠানো হতো বলে অভিযোগ করা হয়েছে।

২০২০ সালের ১৬ অক্টোবর এই গোয়েন্দা তথ্য সরবরাহকারী জানান, এপস্টেইন সম্পর্কে বহু কথাবার্তা শোনার পর তারা ‘এই সিদ্ধান্তে উপনীত হন যে এপস্টেইন একজন সহ-নিয়োজিত মোসাদ এজেন্ট ছিলেন।’

সূত্রটি আরও দাবি করেছে, ‘এপস্টেইন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন’ বলে একজন মার্কিন আইনজীবীকে জানান ডারশোভিটজ।

নেতানিয়াহুর বন্ধু ও উপদেষ্টা হিসেবে পরিচিত হার্ভার্ড অধ্যাপক ডারশোভিটজ। এপস্টেইন, হার্ভি ওয়াইনস্টিন (সাবেক মার্কিন চলচ্চিত্র প্রযোজক ও যৌন অপরাধী) ও ডোনাল্ড ট্রাম্পের মামলার ডিফেন্স টিমের সঙ্গে যুক্ত থাকার কারণে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি আলোচিত এপস্টেইন ফাইলসের প্রায় ৩০ লাখ নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এসব নথিতে কুখ্যাত এই যৌন অপরাধীর সঙ্গে মার্কিন ও বিশ্ব রাজনীতি ও ব্যবসায়িক অঙ্গনের অনেক প্রভাবশালী ব্যক্তিত্বের সম্পর্কের কথা উঠে এসেছে।

খুলনা গেজেট / এম এন এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন