গোপালগঞ্জে সুফিয়ান চৌধুরী (২০) নামে এক চালককে হত্যার পর ব্যাটারী চালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইজিবাইক চালক সুফিয়ান চৌধুরী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শিংগাতী গ্রামের শুকুর চৌধুরীর ছেলে। সে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয় সুফিয়ান। কিন্তু রাত হলেও বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে সুফিয়ানের মরদেহ বলে শনাক্ত করে।

নিহতের বড় ভাই বুলবুল চৌধুরী বলেছেন, সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয় সুফিয়ান। কিন্তু রাত হলেও বাসায় ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করি। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: আফতাব জিলানী বলেন, রাতে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।
খুলনা গেজেট/এনএম

