বৃহস্পতিবার । ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ । ২২শে মাঘ, ১৪৩২

‘তরুণদের হাতে অপমানের বেকার ভাতা নয়, সম্মানের কাজ তুলে দেয়া হবে’

গেজেট প্রতিবেদন

তরুণ সমাজ বেকার ভাতার জন্য নয়, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবিতে আন্দোলন করেছিল। সেই তরুণদের হাতে অপমানের বেকার ভাতা নয়, সম্মানের কাজ তুলে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ পরিচালনায় তরুণরাই নেতৃত্ব দেবে, আর প্রবীণরা পেছন থেকে তাদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দেবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের নওয়াবপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ যে পরিবর্তন চায়, তার প্রমাণ মিলছে দেশব্যাপী ১১ দলের সমাবেশে জনতার ব্যাপক অংশগ্রহণে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে লোভ ও চাপের কারণে অনেক মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষকে দুর্নীতির পথে ঠেলে দেয়া নয়, বরং সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ করে দেয়া হবে।

নারীদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। নারীদের দিকে জালিম চোখ তুলে তাকানোর সাহস কেউ পাবে না।

চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে জামায়াত আমির বলেন, মহানন্দা নদীকে বোঝা নয়, সম্পদে পরিণত করা হবে। নদীকে তার স্বাভাবিক প্রাণচাঞ্চল্য ফিরিয়ে দেয়া হবে। আম, লিচুসহ কৃষিভিত্তিক শিল্পের মাধ্যমে এই অঞ্চলকে কৃষি শিল্পের রাজধানীতে রূপান্তর করার অঙ্গীকার করেন তিনি।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১২ তারিখ পুরোনো বন্দোবস্তকে লাল কার্ড দেখাতে হবে। ভোটের আমানত দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা আগামী পাঁচ বছর আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কাজ করে যাব।

সমাবেশে বিভিন্ন জেলা ও উপজেলার জামায়াত ও সমমনা ১১ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসমাগম ও স্লোগানে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন