বৃহস্পতিবার । ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ । ২২শে মাঘ, ১৪৩২

স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে হবে : সালাহউদ্দিন

গেজেট প্রতিবেদন

স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ধানের শীষ প্রতীকের সমর্থনে কক্সবাজারের উখিয়ার কোটবাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই আহ্বান জানান।

জামায়াতকে উদ্দেশ্যে করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আহ্বান জানাই, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করুন, স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে এখনও ক্ষমা প্রার্থনা করতে দেখে নাই, আপনারা এখন পর্যন্ত অনুতপ্ত নন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস দয়া করে আপনারা বর্ণনা করবেন না, কারণ পরীক্ষা করে দেখুন; বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই আপনাদের এমন রাজনীতি গ্রহণ করবে না।’

‘স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, সম্মানিত আমির বলেছেন, এদেশে নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমেই বিদ্রোহ ঘোষণা করেন নাই, আমাদের আরেক মুক্তিযোদ্ধা কর্নেল অলি নাকি সেই বিদ্রোহ ঘোষণা করেছেন। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সবাই এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে।’

কক্সবাজার-১ আসনে বিএনপির এই প্রার্থী আরও বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাক-হানাদার বাহিনীর দোসর হিসেবে কাজ করেছে, এদেশের মা-বোনদের পাক-হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, যারা এদেশের সংখ্যালঘু নির্যাতন করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে- তাদের মুখে কি গণতন্ত্রের ইতিহাস বর্ণনা মানায়? তারা আজও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

পথসভায় কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর জন্য ধানের শীষে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি দীর্ঘদিন সংগ্রাম করে আসছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত হবে।’

সীমান্তবর্তী উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত এই আসনে শাহজাহান চৌধুরীর প্রধান প্রতিপক্ষ দাঁড়িপ্লালা প্রতীকের প্রার্থী এবং দলটির জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

উল্লেখ্য, সালাহউদ্দিনের সফরের আগের রাতে আনোয়ারী জেলা রাজনৈতিক মহলে আলোচনার বিষয়বস্তু হওয়া এই সভার দিনে উখিয়ায় নির্বাচনী প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। যার অংশ হিসেবে সারাদিন উখিয়ায় দাঁড়িপাল্লার মাইকিংসহ কোনো প্রচারণা দেখা মিলেনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন