বৃহস্পতিবার । ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ । ২২শে মাঘ, ১৪৩২

‘যুদ্ধবিরতি’র পর গাজায় আবারও বড় হামলা ইসরায়েলের, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

গত বছরের অক্টোবরে তথাকথিত ‘অস্ত্রবিরতি’ কার্যকর হওয়ার পর গাজায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি চালিয়েছে ইসরায়েল। বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। তাদের মধ্যে ১১ বছর বয়সী এক কন্যাশিশুও রয়েছে। গাজা সিটির তুফফাহ ও জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত ১৪ জন নিহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেয়া তাঁবুতে হামলায় আরও চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া আল-মাওয়াসি উপকূলীয় তাঁবু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও দুইজন নিহত হন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, নিহতদের একজন ছিলেন জরুরি সেবাকর্মী হুসেইন হাসান হুসেইন আল-সুমাইরি।

খান ইউনিস থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, গাজা সিটিতে একাধিক আবাসিক ভবনে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তারেক আবু আজ্জুম বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত ‘‘অস্ত্রবিরতি’’ কার্যকর থাকার কথা থাকলেও এসব হামলার ফলে গাজার ফিলিস্তিনিরা কোনো ধরনের স্বস্তি পাচ্ছেন না। গত কয়েক ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলের সামরিক তৎপরতা হঠাৎ বেড়েছে। আমরা আকাশে ইসরায়েলি ড্রোনের শব্দ শুনতে পাচ্ছি, যা আরও হামলার আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে।’

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের এক রিজার্ভ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর বিমান হামলা চালানো হয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ‘‘ইয়েলো লাইন’’-এর কাছে নিয়মিত অভিযানের সময় এ ঘটনা ঘটে। ‘‘ইয়েলো লাইন’’ বলতে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকা বোঝানো হয়।

প্রায় চার মাস আগে ‘অস্ত্রবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের একটি তদন্ত কমিশন গাজায় ইসরায়েলের সামরিক অভিযাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন