মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

ঝিনাইদহে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাইদুর রহমান (৫২) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) সকালে তাহেরহুদা গ্রামের মাঠে সাইদুরের নিজস্ব পানবরজের পাশে একটি ক্যানালের নিকট জামগাছের সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

তিনি তাহেরহুদা গ্রামের মৃত সাবান আলী জোয়ার্দ্দারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে সাইদুর রহমান তার বোনের বাড়িতে বেড়াতে যান। শনিবার বিকেলে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও তিনি আর বাড়ি ফেরেননি। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রবিবার সকালে তাহেরহুদা গ্রামের মাঠে তার নিজস্ব পানবরজের পাশে ক্যানালের নিকট একটি জামগাছের সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থল থেকে বেলা সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন