চট্টগ্রামের জয়রথ থামালো ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টানা চার জয়ের পর বেক্সিমকো ঢাকার বিপক্ষে প্রথম হারের স্বাদ পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এই ম্যাচে মোহাম্মদ মিঠুনের দলকে ৭ রানের ব্যবধানে হারিয়েছে ঢাকা।

মুশফিকুর রহিমদের দেয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। তিনি ০ রান করে সাজঘরে ফেরেন রুবেল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে।

এরপর লিটন দাস এবং মাহমুদুল হাসান জয় ৪৭ রান যোগ করেন দ্বিতীয় উইকেটে। জয় ২৬ রান করে ফিরে গেলে তৃতীয় উইকেটে অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে নিয়ে আরও ৪৮ রান যোগ করেন লিটন।

লিটন আউট হয়েছেন ৩৯ বলে ৪৭ রান করে। মিঠুন ফিরে যান ২০ বলে ২১ করে। মূলত এর পরই জয়ের পথ থেকে ছিটকে যায় চট্টগ্রাম। জিয়াউর রহমান, মোসাদ্দেক হোসেন শেষ দিকে চেষ্টা করলেও দলকে জয় এনে দিতে পারেননি।

এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। এই ম্যাচে সাব্বির রহমানকে দিয়ে ওপেনিং করিয়েও খুব একটা কাজে দেয়নি।

দলীয় ২৩ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় ঢাকা। ১৩ রান করে নাঈম শেখ ফেরার পর কোনো রান না করেই আউট হন তানজিদ হাসান তামিম।

এরপর  সাব্বিরও ফিরে যান ৭ করে। অবশ্য চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম এবং ইয়াসির আলী রাব্বির ৮৬ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় ঢাকা।

রাব্বি ৩৮ বলে ৩৪ করে ফিরে গেলেও আকবর আলীকে নিয়ে নির্ধারিত ২০ ওভার শেষ করে আসেন মুশফিক। ঢাকার অধিনায়ক ৫০ বলে ৭৩ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

আর আকবর অপরাজিত থাকেন ১০ রান করে। চট্টগ্রামের হয়ে একটি করে উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান এবং মুস্তাফিজুর রহমান।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন