অভিনেত্রী হিমুর আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক রুফির বিচার শুরু

বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। তার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় তার প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রুফির বিরুদ্ধে ঢাকার একটি আদালত অভিযোগ গঠন করেছে।

গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।

২০২৩ সালের ২ নভেম্বর রাতে হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। মামলায় হিমুর ছেলেবন্ধু জিয়াউদ্দিন রুফিকে আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ আগস্ট রুফিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তর পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন। আত্নহত্যার ছয় মাস আগে থেকে তিনি নিয়মিত হিমুর বাসায় যাতায়াত এবং মাঝে-মধ্যে রাত্রি যাপন করতেন। ২০২৩ সালের ১ নভেম্বর রুফির মোবাইল নম্বর ও ভিগো আইডি ব্লক করেন হিমু। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়। একই বছরের ২ নভেম্বর বিকেল ৩টার দিকে রুফি বাসায় এসে কলিংবেল দেন। ওই বাসায় থাকা মেকআপ ম্যান মিহির দরজা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। মিহির তার রুমে চলে যান।

৫টার দিকে রুফি মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলেন, হিমু আত্মহত্যা করেছেন।

তখন মিহির তাকে জিজ্ঞেস করেন, আপনি তো রুমেই ছিলেন। তখন তিনি বাথরুমে ছিলেন বলে জানান। মিহির সঙ্গে সঙ্গে হিমুর রুমে গিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। এমনকি রুমে থাকা দুটি কাচের গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর তারা দুজন মিলে হিমুকে নিয়ে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময়ে হিমুর ব্যবহৃত মোবাইল ফোন দুটি কৌশলে নিয়ে চলে যান রুফি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন